বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের আগুনে ১১ ঘর ছাই

নীলফামারী সদরে বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ৬ পরিবারের ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে এ অগ্নিকা- ঘটে। খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রামনগর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম জানান, ওই গ্রামের বশিয়ার রহমানের বাড়ির পল্লীবিদ্যুৎ সমিতির নতুন মিটার স্থাপনের পর সংযোগ দিলে বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরণে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বশিয়ার রহমানসহ ওই গ্রামের রশিদুল, শহিদুল, আবুল কালাম, আবদুস সামাদ ও আবুল কাসেমের ১১টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, বাড়ির মিটার বিস্ফোরিত হয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুলতান নাছিমুল হক বলেন, ‘পুরনো মিটার পরিবর্তন করে নতুন মিটার স্থাপনের ১৫ থেকে ২০ মিনিট পরে বিস্ফোরণ ঘটে।’