দূষণ ও দখলমুক্ত করে পদ্মা নদীকে বাঁচানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ কর্মসূচি পালন করে।
‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে/যদি নদী হয় শেষ, তবে মরুভূমি হবে বাংলাদেশ’ এ সেøাগানে অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে রাজশাহীর পদ্মা নদী রক্ষার জোর দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, রাজশাহীতে গত কয়েক বছরের ব্যবধানে পদ্মা নদীতে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ ধ্বংস করা হয়েছে। নদী দখল করে অসংখ্য অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে। এ কারণে পদ্মা নদী তার নিজস্ব অস্তিত্ব হারিয়েছে।
বক্তারা বলেন, পদ্মা নদীর অস্তিত্ব সংকটের কারণে এখন মরে গেছে এ অঞ্চলের অসংখ্য খাল-বিল, পুকুর-জলাশয়। এসব খাল-বিল দখল করে প্রভাবশালীরা রাতারাতি স্থাপনা তৈরি করে ক্রমেই নদী ও খাল-বিলের অস্তিত্ব ধ্বংস করছে। অবিলম্বে নদী রক্ষাসহ এ অঞ্চলের খাল-বিল জলাশয় রক্ষা করতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রহমান খান, মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।