পুবাইলে জাহাঙ্গীরের মায়ের প্রচারে বাধার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পুবাইল স্টেশন ও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুবাইল স্টেশন থেকে রেলগেট পর্যন্ত তিনটি স্থানে প্রায় দুই ঘণ্টা ধরে মেয়র প্রার্থীর গাড়ির গতিরোধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়।

মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনের প্রধান এজেন্ট সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, তার মা মেয়র প্রার্থী জায়েদা খাতুন বিকেল ৪টার পর তার ছয়দানার বাসভবন থেকে গণসংযোগের জন্য বের হন। পরে তিনি বোর্ড বাজার, আক্কাস মার্কেট, টঙ্গীপূর্ব থানা হয়ে পুবাইলের দিকে গণসংযোগে যাওয়ার সময় বিকেল ৬টার দিকে পুবাইল স্টেশনের কাছে পৌঁছানের পর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী প্রচারণার গাড়ি থেকে হ্যান্ড মাইক কেড়ে নেয়। তারা একটি গাড়িও ভাঙচুর করে। তিনটি স্পটে পুলিশ তাদের গাড়ি আটকিয়ে দেড় ঘণ্টা সময় ব্যয় করে। তিনি সড়কের যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চান। প্রার্থীর গাড়ির পেছনে যেন কোনো মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন না যায় তার জন্য সবার প্রতি আহ্বান জানান।

স্থানীয়রা জানায়, মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়ি পুবাইল রেলগেট এলাকায় পৌঁছানোর পর পুলিশ তাদের গাড়িটির গতিরোধ করে। এ সময় পুলিশ মেয়র প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান। পরে প্রার্থীর প্রধান এজেন্ট মো. জাহাঙ্গীর আলম উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।