কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের ধারালো নিড়ানির আঘাতে এক পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের ছোবেদ আলী (৫০) তার ছেলে মিজানুর রহমান (২৪) কে ক্ষেতের ধান কাটতে যেতে বলেন। কিন্তু মিজানুর তাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পিতাপুত্রের কথাকাটাকাটির একপর্যায়ে মিজানুর হাতে থাকা ধারালো নিড়ানি দিয়ে ছোবেদ আলীর বুকে ও পিঠে আঘাত করে। ধারালো নিড়ানির আঘাতে ছোবেদ আলী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রেরণ করে এবং মিজানুরকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুরকে আটক করে থানায় নেয়।
স্থানীয় তাজুল ইসলাম, শামছুল হক জানান, মিজানুর দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে চলছে। আমরা এগিয়ে না আসলে সে আজ তার বাবাকে মেরেই ফেলত। তারপরও নিড়ানির আঘাতে ছোবেদ আলীর বুক ও পিঠে গভীর ক্ষত হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, পিতার ওপর হামলার ঘটনায় একজন আটক আছে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।