নরসিংদীর পলাশে রাজন (১৫) নামে এক কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এরশাদ ওরফে খুকু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় পিটুনিতে আহত হয় ইয়াছিন নামে আরেক কিশোর। শনিবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজন চরপাড়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত এরশাদ পাইসা গ্রামের সোবাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে রাজন ও ইয়াছিন পাইকসা গ্রামে এরশাদ ওরফে খুকু মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত আশরাফ টেক্সাটাইল মিলের একটি ঝোপে ফেলে রাখে।
পরে আজ রবিবার সকালে এলাকাবাসী রাজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে ওই ঝোপ থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে রাজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে এরশাদ পালিয়ে যায়।
নিহতের স্বজনরা জানায়, অভিযুক্ত এরশাদ একজন মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। এ ব্যবসার জের ধরে প্রায় সময়ই কিশোরদের রাস্তা থেকে ধরে এনে মারধর করে। গতকাল শনিবার রাতেও ইয়াসিন ও রাজনকে রাস্তা থেকে ধরে এনে মারধর করে। একপর্যায়ে রাজন মারা গেলে এরশাদের বাড়ির পাশে একটি ঝোপে ফেলে রাখে। আর যদি এরা কোনো অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। তাদের পুলিশের কাছে দেবে, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলবে! আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এদিকে অভিযুক্ত এরশাদ বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝোপ থেকে মরদেহ উদ্ধার করি। পরে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চোর সন্দেহে তাকে রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করে মূল রহস্য উদঘাটনের চেষ্টা করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর এরশাদ ওরফে খুকুর বিরুদ্ধে কোনো মাদকসংশ্লিষ্ট মামলা রয়েছে কি-না তা-ও আমরা খোঁজ করছি।