মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় পাঁচ শিশুসহ ১৮ জন গ্রামবাসী নিহত হয়েছে। গত বুধবার দেশটির বাগো অঞ্চলে হামলায় এ ঘটনা ঘটে। শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের জান্তা সরকারের সেনারা গত বুধবার বাগো অঞ্চলের হতানতাবিন টাউনশিপে পাঁচ শিশুসহ ১৮ জন গ্রামবাসীকে হত্যা করে ও পুড়িয়ে দেয়।
ওই গ্রামের কাছাকাছি প্রতিরোধ গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির আক্রমণে জান্তা সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হামলার পর মিয়ানমারের সৈন্যরা নিয়াং পিন থার গ্রামে অভিযান চালায় এবং বাসিন্দাদের মতে, এ সময় যাকেই সামনে পাওয়া গিয়েছিল তার ওপরই নির্যাতন করে সেনারা।
আটকদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর হত্যা করা হয়েছে উল্লেখ করে গ্রামবাসীরা জানান, আটক কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ইরাবতী অবশ্য স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। তবে হামলার পর ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে পোড়া দেহাবশেষসহ মরদেহ দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) চলতি বছরের মার্চ মাস পর্যন্ত জান্তা সেনাদের ৬৪টি গণহত্যার ঘটনা রেকর্ড করেছে। আর এ সব ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬৬ জন।