হোমনা থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপহরণ করা সাত মাসের শিশুসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুর ১২টার দিকে হোমনা থানায়  প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি মো. সাইফুল ইসলাম।

ওসি জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর আকন্দ পাড়ার প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার তার ৭ মাস বয়সী শিশু নিহাদকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন।

এ সময় তার প্রতিবেশী ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী মাহমুদা বেগমও সঙ্গে ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা থেকে মাহমুদা বেগম কৌশলে শিউলি বেগমের কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পুলিশ প্রযুক্তির সহায়তায় ৭ ঘণ্টা টানা অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুড়িং থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী মাহমুদা  বেগমকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শিউলি আক্তার গতকাল রবিবার মাহমুদা বেগমকে আসামি করে  হোমনা থানায় মামলা দায়ের করেন। আসাসিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  সে অপরাধের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।