বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ আবেদনটি করেন। এতে কাজী সালাউদ্দিনসহ বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ হওয়া আবু নাঈম সোহাগের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা দেওয়ার আরজি জানিয়েছেন আবেদনকারী। পাশাপাশি তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এ মর্মে রুল চেয়েছেন তিনি। আবেদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যান, বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) প্রধান, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যান, বাফুফে সভাপতিসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘যে অভিযোগ উঠেছে, যৌথ সিন্ডিকেট ছাড়া এমন দুর্নীতি হওয়া সম্ভব নয়। যে টাকা আত্মসাতের কথা বলা হচ্ছে তা রাষ্ট্রের ও জনগণের টাকা। আমাদের টাকা চুরি হওয়া মানে আমাদের আইন তা দেখবে। অভিযোগটি ফৌজদারি অপরাধের শামিল এবং তা তদন্তের প্রয়োজন।’ চলতি সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।