'পরপারে ভালো থেকো বউ, পরকীয়ার মজা এবার বুঝলা'

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী ইমাম খান অনু (৩০)। সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে জেলার প্রস্তাবিত ইকো পার্কে এ হত্যার ঘটনা ঘটে।

হত্যার পর ছাত্রলীগ সহ সভাপতি অনু তার ফেসবুক স্টেটাসে জানান, 'বিশ্বাসঘাতক বেইমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ জন্য নিজেই নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম। পরপারে ভালো থেকো বউ, পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা'।

নিহত তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। হত্যাকারী অনু শহরের ইছানীল ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

স্ত্রী তানহাকে হত্যার পর অনু তার ফেসবুকে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে একাধিক স্টাটাস দেন। পরে দুপুর ১২টার দিকে ঝালকাঠি সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

অনু তার স্ট্যাটাসে লিখেন, তিনি দুই বছর আগে প্রেম করে বিয়ে করেন স্ত্রী তানহাকে। সম্প্রতি অনু জানতে পারেন, স্ত্রী তানহা মামাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একাধিক যুবকের সাথে চ্যাটিং করছেন। রবিবার রাতে এ নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তানহা তার মায়ের নম্বর থেকে অনুকে নারী নির্যাতন ও আইসিটি আইনে মামলা করে জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে স্ত্রী তানহাকে ফোনে ইকো পার্কে ডেকে নেন অনু। সেখানে বাগ বিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ ইকো পার্ক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।