সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাকে মারধর; মামলা-গ্রেপ্তারি পরোয়ানা

সম্পত্তি লিখে না দেওয়ায় মারধরের অভিযোগে ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক মা। মামলাটি আমলে নিয়ে মায়ের জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সোমবার (১৫ মে) চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে এ মামলা দায়ের করেন মা আমেনা বেগম। তার বাড়ি হাটহাজারী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি (ইফতেখার সাইমুল চৌধুরী) সোমবার দুপুরে দেশ রূপান্তরকে জানান, সম্পত্তি না লিখে না দেওয়ায় গত ১২ মে দিবাগত রাত পৌনে ৯টায় মা আমেনা বেগম এবং তার স্বামীকে মারধর করেন ছেলে মঞ্জুর মোর্শেদসহ ছয়জন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮/৪২৭/৩২৩/৩২৪/৩৭৯/৩০৭/৫০৬(২) ধারার অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে আদালত বাদীনির জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নিয়ে আসামি সানজিদ, মঞ্জুর মোর্শেদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগেও মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে আদালতে মামলা (৩৫২/২৩) করেন তার বাবা। এই মামলা তদন্তাধীন বলে জানিয়েছেন পিপি ইফতেখার সাইমুল চৌধুরী।