গুটি শামীম গ্রেপ্তার

রাজবাড়ীর কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি শামীম ওরফে গুটি শামীমকে (২০) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-৮।

সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ অফিসে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। এর আগে একইদিন সকাল ৬টার দিকে রাজবাড়ীর কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুটি শামীম ওই গ্রামের হাসু মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিয়মিত অভিযানের অংশ হিসাবে রাজবাড়ী ও ফরিদপুর জেলার কুখ্যাত অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ মে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, মাদক কারবারি গুটি শামীম ওরফে মাস্তান শামীম (২০)-কে তার নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়।