গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত ১ জনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন শরিফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ মে) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

গত শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার তেতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের ওইদিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছেন শরিফুলের ছেলে সোহাগ (৬), কারখানাটির ব্যবস্থাপক বিল্লাল (৩৫), কর্মচারী নুরনবী (১৮)। এছাড়া দগ্ধ আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মৃত শরিফুলের স্ত্রী সোনালী আক্তার জানান, তারা আশুলিয়ার তেতুলতলা এলাকায় থাকেন। তিনি গার্মেন্টসে চাকরি করেন। তার স্বামী শরিফুল রিকশা চালাতেন। ওইদিন সকালে সোনালী গার্মেন্টসে থাকা অবস্থায় খবর শুনতে পান, তাদের বাসায় আগুন লেগেছে, তার স্বামী-সন্তান দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সোহাগের শরীরের ২০ শতাংশ, নুর নবীর ৪৩ ও বিল্লালের ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।