বাঁওড় ইজারা পেতে মৎস্যজীবীদের মানববন্ধন

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ৬টি বাঁওড় মৎস্যজীবীদের ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হালদার সম্প্রদায়ের মৎস্যজীবীরা। এতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া, মর্জাদ, বেড়গোবিন্দপুর, ফতেপুর ও কাঠগড়া বাঁওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। এ সময় বলুহর মৎস্যজীবী সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদার, রঞ্জিত হালদার, সুশান্ত হালদার, সাধন হালদারসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাঁওড়ে ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা জীবন জীবিকা নির্বাহ করে এলেও সম্প্রতি বাঁওড়গুলো অন্যত্র ইজারা দেওয়া হয়েছে। এতে মৎস্যজীবীরা কর্মহীন হয়ে পড়েছেন। বাঁওড়গুলো মৎস্যজীবীদের অনুকূলে ইজারা দেওয়া না হলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বেন। মানববন্ধন শেষে দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।