গাইবান্ধায় ২৭ জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি জয়িতাদের হাতে ১০ হাজার টাকার চেক ও তাদের জীবন কথা নিয়ে লেখা বই ‘আমাদের জয়িতারা’ বই প্রদান করেন। গাইবান্ধা শহরের এসকেএস ইন-এ দুপুরে সংবর্ধনার আয়োজন করে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মেদ লিটন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান এতে উপস্থিত ছিলেন।
চার ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছে যে নারী ক্যাটাগরিতে ৯ জন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ৫ জন, সমাজ উন্নয়নে অবদান রাখায় ১২ জন এবং সফল জননী ক্যাটাগরিতে ১ জন সম্মাননা পেয়েছেন।