সরকারের পতন দাবিতে ঘোষিত কর্মসূচির বাইরেও ঢাকা মহানগরে পৃথক কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আলাদাভাবে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১০ দফা দাবি বাস্তবায়নে এসব কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে রয়েছেÑ ১৭ মে বুধবার ও ২৩ মে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে পদযাত্রা করবে।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ১৭ মে দুপুর ২টায় বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা, একই দিন মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে রামপুরা আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৩ মে মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ধানম-ি থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী বাগবাড়ী থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর হয়ে পঙ্গু হাসপাতালের সামনে থেকে ৩০০ ফুট রাস্তা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সারা দেশে ঘোষিত জনসমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ২০ মে শনিবার দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজারের সামনে সমাবেশ এবং ২৬ মে শুক্রবার একই সময় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলসংলগ্ন স্থানে অথবা শ্যামপুর লাল মসজিদসংলগ্ন এলাকায় সমাবেশ হবে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ১৯ মে শ্যামলী ক্লাব মাঠে জনসমাবেশ এবং ২৭ মে উত্তরায় মালেকাবানু উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তা অথবা উত্তরা রাজউক কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে সারা দেশের সব মহানগর ও ৮২টি সাংগঠনিক জেলায় ৪ দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করে জানিয়েছেনÑ ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জনসমাবেশ, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ হবে।