হাইকোর্টের রায় বহাল

ধানমন্ডির সেই বাড়িটির মালিকানা সরকারের থাকবে

রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ২৯ নম্বর বাড়ি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিতে কোর্ট অব সেটেলমেন্ট আদালতের দেওয়া রায় বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। গত বছর ২১ নভেম্বর হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে এস নেহাল আহমেদ নামে মামলায় পক্ষভুক্ত একজনের লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করেছিলেন। শুনানি শেষে গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এটি খারিজ করে দেয়। এ আদেশের ফলে ধানমন্ডির ওই বাড়িটি সরকারের মালিকানাতেই থাকছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আইনজীবীদের তথ্যমতে, ১৯৭২ সালে ধানমন্ডির ওই বাড়িটি সরকার পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে। তবে সম্পত্তির উত্তরাধিকার হিসেবে মালিকানা দাবি করে সাংবাদিক আবেদ খান ও তার পরিবারের কয়েকজন সদস্য ১৯৮৯ সালে কোর্ট অব সেটেলমেন্টে মামলা করেন। বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে সঠিক বলে ১৯৯২ সালের রায় দেয় কোর্ট অব সেটেলমেন্ট। এ রায়কে চ্যালেঞ্জ করে ২০১৫ সালে হাইকোর্টে রিট আবেদন করেন আবেদ খান। ওই বছরের ৬ জুলাই কোর্ট অব সেটেলমেন্টের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।