গাজীপুরের কালিয়াকৈরে আগের দিন বিকেলে ঘুরতে বেরোনোর পরদিন সকালে দুই সহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় এক রশিতে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২৩) ও একই থানার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম ওরফে মনির (২৩)। তারা দুজনই স্থানীয় সিলভিয়া ফৌউত লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও আদিল দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। তারা দুজন দক্ষিণ মৌচাক এলাকায় পৃথক বাসায় ভাড়া থাকতেন। জুতার কারখানায় কাজের সুবাধে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গত সোমবার দুপুরে তারা দুজন একসঙ্গে দুপুরের খাবার খান এবং বিকেলে বেড়াতে বের হন। এরপর আর তারা বাসায় ফেরেননি। গভীর রাত পর্যন্ত তারা বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজন ও স্থানীয় লোকজন। পরদিন (মঙ্গলবার) সকালে আইস মার্কেট এলাকার নির্জন স্থানে একটি গাছে এক রশিতে দুই যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিয়াদ ও আদিলকে শনাক্ত করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতের যেকোনো সময় তারা এক রশিতে আত্মহত্যা করেছেন।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।’