মৌলভীবাজারের রাজনগরে বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় লাল চান বাউরী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দভাগ চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাল চান বাউরী উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে।
পুলিশ জানায়, লাল চান বাউরী একই বাগানের ১৯ বছর বয়সী এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। কিছুদিন আগে সে ভিকটিমের পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে সাড়া পায়নি। এতে সে ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই তরুণী তার বাড়িতে রান্না করার সময় লাল চান বাউরী ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তরুণীর ডান চোখ ও মুখম-লের একংশ পুড়ে যায়। পরে তরুণীর ভাই থানায় মামলা করেন। রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘আসামিকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’