শিবনারাইন চন্দরপল ব্যাট করতে নামলে ঘড়ি যেন মন্থর হয়ে যেত। লম্বা ইনিংস খেলায় সুখ্যাতি ছিল তার, ছেলে তেজনারাইন চন্দরপলও পেয়েছেন বাবার ধাঁচ। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার ইনিংসে ব্যাট করেছিলেন প্রায় ১০ ঘণ্টা! উইন্ডিজ ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে আসা তেজনারাইন সিলেটে জাগিয়েছিলেন বড় ইনিংসের সম্ভাবনাই, তাকে থামিয়ে দিয়েছে বৃষ্টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ অধিনায়ক আফিফ হোসেনকে টসে হারিয়ে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জশুয়া দা সিলভা। ৪০তম ওভারের শেষ বলে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ দল। তেজনারাইনের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ার পর আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কার্ক ম্যাকেঞ্জি। সাইফ হাসানের বলে নাঈম হাসানকে ক্যাচ দেওয়ার সময় তার স্কোর ছিল ৮৬। পরের উইকেটটা বেশ দ্রুতই পেয়ে যায় বাংলাদেশ, দলীয় ১৬০ রানে মুশফিক হাসানের বলে আউট হন রেমন রেইফার (২৬)। এরপর তেজনারাইন আর স্টিভেন আথানাজে খেলছিলেন, এমন সময় বিকেল ৪টা ৫ মিনিটে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ঘণ্টা দেড়েক পর বৃষ্টি থামলেও খেলা আর গড়ায়নি মাঠে। তেজনারাইন ৩০৫ মিনিট ক্রিজে থেকে ১৯০ বল খেলে ৭০ রানে অপরাজিত। সঙ্গী আথানাজে অপরাজিত ৩৫ রানে। উইন্ডিজ ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান।