ইমরান খানের বাসায় ‘লুকিয়ে থাকা সন্ত্রাসীদের’ হস্তান্তরের দাবি পাঞ্জাব সরকারের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরে অবস্থিত জামান পার্কের বাসভবনে ‘৩০-৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে’ বলে দাবি করেছে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার।

তাদের সরকারের কাছে হস্তান্তরের জন্য পিটিআইকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে পাঞ্জাব সরকার।

লাহোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর। তিনি বলেন, ‘পিটিআই-এর উচিত এই সন্ত্রাসীদের হস্তান্তর করা নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরও বলেন, জামান পার্কে এই "সন্ত্রাসীদের" উপস্থিতি সম্পর্কে তাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে।

মীর বলেন, ‘যে গোয়েন্দা রিপোর্ট এসেছে তা খুবই উদ্বেগজনক। গোয়েন্দা এজেন্সিগুলো জিও-ফেন্সিং-প্রযুক্তির মাধ্যমে জামান পার্কে এসব ‘সন্ত্রাসীদের’ উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছে।’

‘পিটিআই নেতা একজন অভিনেতার মতো আচরণ করতে শুরু করেছে,” মন্তব্য করে মীর বলেন, পিটিআই প্রধান এক বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীকে টার্গেটে পরিণত করেছে। এই দলটি ইমরান খানকে গ্রেপ্তারের আগে থেকেই হামলার পরিকল্পনা করেছিল।’

এ সময় উর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলাকারীরা জামান পার্কের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানান তিনি। ভবিষ্যতে যাতে কেউ এমন কাজ না করে সেজন্য কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মীর।

ইমরান খানের গ্রেপ্তারকালীন সময়ে হামলা ও মামলা সম্পর্কে মীর বলেন, এ পর্যন্ত ৩৪০০ জনেরও বেশি হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৫৪টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৯৫ জনকে চিহ্নিত করা হয়েছে এবং ৭৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৯০৬ জন দুর্বৃত্তকে বিচারিক রিমান্ডে পাঠানো হয়েছে এবং অন্যান্য দুর্বৃত্তদের গ্রেপ্তারের কাজ চলছে।

পুলিশ শতভাগ নিশ্চিত হয়েই গ্রেপ্তার করছে জানিয়ে মীর বলেন, হামলাকারীদের শতভাগ নিশ্চিতকরণের পরেই গ্রেপ্তার করা হচ্ছে।