স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশাল আ. লীগের পৃথক কর্মসূচি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশাল আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৭ মে) বেলা ১১টার দিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরীর সার্কিট হাউসের বিপরীতে মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি অ্যাডভোকেট আফজালুল ক‌রিম, অ্যাডভোকেট ড. কে বি এস আহ‌ম্মেদ ক‌বির, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিচ উ‌দ্দিন শহিদ, কে‌ন্দ্রিয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ

অন্যদিকে নগরীর সোহেল চত্বর সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে অন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ। তার সকলেই সেরনিয়াবাত সাদিক আব্দুল্লহর অনুসারী।

প্রসঙ্গত, সিটি করপোরেশনে আওয়ামী লীগের নতুন প্রার্থী মনোনীত করার পর থেকেই বরিশালে আওয়ামী লীগের মধ্যে দ্বন্ধ প্রকাশ্যে এসেছে। এক পক্ষ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী এবং অন্য পক্ষ প্রাণী সম্পাদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম ও মনোনীত মেয়র প্রার্থীর অনুসারী।

আলোচনায় অংশ নিয়ে খোকন সেরনিয়াবাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরেন শেখ হাসিনা। আর তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।