বগুড়ায় জীবন নাহার (২৮) নামে এক গৃহবধূকে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কুটুরবাড়ী গ্রামে আবেদুর রহমান মিস্টার নামে ওই কনস্টেবল তার অন্য দুই ভাই এবং ছেলেকে নিয়ে জীবন নাহারকে পিটিয়ে হত্যা করেন।
জীবন নাহারের স্বামী পলাশ বলেন, প্রতিবেশী কনস্টেবল আবেদুর রহমান মিস্টার পুলিশের চাকরির প্রভাব খাটিয়ে আমাদের প্রায়ই হেনস্তা করে আসছিল। তাদের সঙ্গে দুই শতক জমি নিয়ে ১৫ বছর ধরে বিরোধ চলছে। আজ (গতকাল বুধবার) সকালে আমার স্ত্রী জীবন নাহার জমিতে কর্মরতদের খাবার দিয়ে ফেরার পথে আবেদুর রহমান মিস্টার তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও ছেলে কনক তাকে আমবাগানে নিয়ে বাঁশ দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। আমি তাদের ফাঁসি চাই।
তিনি আরও বলেন, লাশ নিয়ে ব্যস্ত আছি, এখনো (রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত) মামলা করার সুযোগ পাইনি। তবে, মামলার জন্য থানায় যাব।
বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবদুর রউফ বলেন, পূর্বশত্রুতা ও জমির বিরোধে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় গুরুতর আঘাত থেকে গৃহবধূর মৃত্যু হয়। নিহতের পরিবার এ ঘটনায় এক কনস্টেবলসহ চারজনের নাম বলেছে। তাদের গ্রেপ্তারে ইতিমধ্যে তিনটি দল অভিযান শুরু করেছে।