জয়পুরহাটের ক্ষেতলালের হাপানিয়া নয়াপাড়ায় প্রতিবেশীকে ফাঁসানোর জন্য স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে রেজাউল করিম ওরফে ভাদু নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়া সদর উপজেলার পুরানাপৈলে মামাকে হত্যার দায়ে ভাগিনা আলাউদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ দুই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম ও জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৮ মে রাত ১০টার দিকে প্রতিবেশী ভাগিনা আলাউদ্দিন তার মামা আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন।
অপরদিকে, ২০০৫ সালের ১৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার হাপানিয়া গ্রামের রেজাউল করিম ওরফে ভাদু প্রতিবেশীকে ফাঁসাতে স্ত্রী আঙ্গুরি বেগম (৪৫) ও পাঁচ বছর বয়সী সন্তান হিটলারকে জবাই ও ছুরিকাঘাত করে হত্যা করেন।
এ ছাড়া, নরসিংদীতে পারিবারিক বিরোধে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার দায়ে ফখরুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শামিমা পারভিন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত ফখরুল ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার সাইফুল্লার ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে শহরের ঘোড়াদিয়ার সংঙ্গীতার নিজ বাড়িতে স্ত্রী রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশু সন্তান ফাহিম মাহমুদ সালমান সাফায়াতকে গলাকেটে হত্যা করেন ফখরুল।