ফলোঅনে আফিফরা

সিলেটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ইনিংস হার এড়াতে লড়ছে আফিফ হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান, এর আগে প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।

আগের দিনের ৪১৭ রানের সঙ্গে আর মাত্র ১০ রান যোগ করেই ৭ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া দা সিলভা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২ রান করে আউট হন সাদমান ইসলাম। জাকির হাসান ও সাইফ হাসান মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। জাকির ৩০ রান করে আউট হলেও সাইফ লড়াই চালিয়ে যান। শতরানের কাছাকাছি গিয়ে ৯৫ রানে সাইফ আউট হয়ে যান, ম্যাকঅ্যালিস্টারকে ফিরতি ক্যাচ দিয়ে। অধিনায়ক আফিফ করেন ৪১ বলে ৪৫ রান। চারদিনের ম্যাচে দুজনেই টি-টোয়েন্টির ছন্দে ব্যাট করে ঠিক কী করতে চেয়েছেন সেটা বোধগম্য নয়, তবে দুজনেই ব্যক্তিগত মাইলফলকের কাছাকাছি গিয়ে আউট হয়ে যান। জাকের আলি অনিক ১২৩ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে অন্য প্রান্তে দেখেছেন সতীর্থদের আসা যাওয়ার মিছিল।

জাইর ম্যাকঅ্যালিস্টারের পেস বোলিং সামাল দিতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। ১৫ ওভার বোলিং করে বার্বাডোজের এই পেসার পেয়েছেন ৫ উইকেট, জোড়া শিকার আকিম জর্ডান ও রেমন্ড রেইফারের। তাদের যৌথ আক্রমণেই ৬৭.৪ ওভারে ২৬৪ রানে শেষ ‘এ’ দলের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে আবার ব্যাটিংয়ে নেমে দিনের শেষ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’। এখনো তারা পিছিয়ে আছে ১৫৮ রানে, বাকি আছে শেষ দিনের খেলা। দুই অপরাজিত ব্যাটসম্যান জাকির হাসান এখনো রানের খাতা খোলার অপেক্ষায় আর ১ বাউন্ডারিতে সাদমানের রান ৫।