ভারতে রাজনৈতিক নেতার সঙ্গে বলিউড নায়িকার প্রেম নতুন কিছু নয়। গত শনিবার (১৩ মে) পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান পর্ব দেখে এমনটাই মত বলিউড ভক্তদের। যদিও পরিণীতি-রাঘবের বিয়ের তারিখ এখনো অজানা। আর এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা গেল, কেমন জীবনসঙ্গী চেয়েছিলেন পরিণীতি।
বলা হচ্ছে, নিজের বাবার মতো পুরুষকে স্বামী হিসেবে কখনোই চাননি পরিণীতি। কিন্তু কেন? আমির খানের ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। অনুষ্ঠানে তিনি জানান, তার বাবা ভীষণ কড়া। তার মধ্যে রয়েছে পুরুষসুলভ অহমিকা। এগুলো একেবারেই পছন্দ নয় পরিণীতির।
তার কথায়, ‘আমাদের বাড়িতে ছেলেদের রান্নাঘরে যেতে দেওয়া হত না। কাঁদলে ধমক দেওয়া হত। বলা হত, মেয়েদের মতো কাঁদছি কেন? এছাড়া পুরুষসুলভ অহমিকাও ছিল।’ পাশাপাশি পরিণীতির এও ধারণা, তার বাবাকে যে ভাবে গড়ে তোলা হয়েছে, তাই কাজ করেছে তার স্বভাবের পেছনে।
ফলে অভিনেত্রী জানান, তার জীবনসঙ্গীকে হতে হবে মজার মানুষ। সম্মান করতে হবে তাকে। যিনি নিজেই নিজের জীবন গড়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন, তেমন পুরুষই পছন্দ তার।
এদিকে রাঘবকে জীবনসঙ্গী পেয়ে খুশি পরিণীতি। সে কথা জানিয়েছেন মন খুলে। জানা গেছে, তারা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গে পড়াশোনা করতেন। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন পরিণীতি-রাঘব। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল।