অনিয়মের অভিযোগসহ নানান বিতর্কে উত্তাপ ছড়াচ্ছে ভারতীয় সিনেমা ‘সতলুজ’। তিন বছরের বেশি সময় ধরে সিনেমাটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। ভারত সরকারের চরম বিরোধিতার কবলে মুক্তির আলো দেখতে পায়নি হানি ত্রেহানের ‘সতলুজ’। ৩ জুলাই চুপিসারে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পায় ছবিটি। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেশটির সরকারের চাপে ছবিটি নামিয়ে ফেলতে বাধ্য হয় প্ল্যাটফর্ম।
এ ঘটনায় আলোচনার তীব্রতা আরো বেড়েছে। বিভিন্ন পাইরেটেড কপি দেখে দর্শক ছবিটি নিয়ে চর্চায় মেতে উঠেছে। এর মধ্যেই নির্মাতা ত্রেহান জানালেন এক চমকপ্রদ তথ্য। ‘সতলুজ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য নাকি মাত্র ১ রুপি নিয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ!
বলা বাহুল্য, পাঞ্জাবের ইতিহাসে অন্যতম সফল ও বড় তারকা দিলজিৎ। যাকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা। সেই তারকা কিনা একটি আস্ত সিনেমা করলেন মাত্র ১ রুপিতে! ‘সতলুজ’-এ মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। এরকম একজন মানুষের ভূমিকায় অভিনয়ের বিপরীতে পারিশ্রমিক নেওয়া ‘লজ্জার’ বলে মনে করেছিলেন অভিনেতা।
নির্মাতা জানান, চরিত্রটির জন্য শুরু থেকেই দিলজিতের কথা ভেবেছিলেন তিনি। এমনকি দিলজিৎ অভিনয় না করলে ছবিটি তৈরিও করতেন না ত্রেহান। ‘দ্য প্রিন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রেহান জানান, ২০২১ সালে তিনি কেবল ৩০ মিনিটের জন্য দিলজিতের সঙ্গে দেখা করেন এবং খালরাকে নিয়ে তার গবেষণার নথিপত্র দেখান। খালরার ছবি দেখেই বিস্মিত হয়ে যান দিলজিৎ এবং তখনই সিদ্ধান্ত নেন, এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেবেন না।
ছবিটির প্রাথমিক নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (CBFC) ছবিটিতে ১২৭টি কাট দেওয়ার নির্দেশ দিয়েছিল। সে কারণে বদলাতে হয় নামও। ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও ভারত সরকারের আপত্তিতে বাতিল করা হয়।
পাঞ্জাবে সশস্ত্র আন্দোলনের সময় কথিত ভুয়া বন্দুকযুদ্ধ ও অবৈধ গণদাহের বিরুদ্ধে জসওয়ন্ত সিং খালরার লড়াই তুলে ধরা হয়েছে ছবিটিতে। দিলজিৎ জানিয়েছেন, ছবিটি ভারত সরকার সরিয়ে ফেলবে, তিনি আগে থেকেই জানতেন। তাই নিজের ছবিকে পাইরেটেড ভার্সনে হলেও দেখতে বলেছেন গায়ক-অভিনেতা।
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবারও বিয়ে করবেন পরীমনি
বিয়ের একদিন পর মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু
নারায়ণগঞ্জে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি