কয়েকরকম ফুলের গাছে সজ্জিত হচ্ছে ধানমন্ডি এলাকার সাত মসজিদ সড়কের বিভাজক। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বৃহস্পতিবার রাত থেকে রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলের গাছ রোপণ করছে সাত মসজিদ সড়কের বিভাজকে।
শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানা গেছে, প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রাখা হয়েছে। সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতিমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।
সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, ‘আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫ শ গাছ লাগানো হবে। আশা করি আগামী দু দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম সম্পন্ন হবে।
উল্লেখ্য ১ হাজার ৭ শ মিটার দৈর্ঘ্যের এ সড়ক বিভাজকে ফুলের গাছ রোপণ এবং প্রয়োজনীয় বালু, মাটি, গোবর ও সার কিনতে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।