বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান ও অপরাশক্তি খুরানার বাবা আচার্য পি খুরানা মারা গেছেন। শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। আয়ুষ্মানের বাবা পি খুরানা উত্তর ভারতের জনপ্রিয় জ্যোতিষীদের একজন ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন প্রখ্যাত জ্যোতিষী। মোহালির ফোর্টিস হেলথকেয়ারে ভর্তি করা হয়েছিল তাকে।
আয়ুষ্মানের পরিবারের পক্ষ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান ও অপরাশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি. খুরানা আজ সকাল সাড়ে ১০টায় মোহালিতে মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’
বাবা সম্পর্কে ২০২০ সালে হিন্দুস্তান টাইমসকে আয়ুষ্মান বলেছিলেন, তিনি তার বাবার শিক্ষায় বিশ্বাস করেন, যা তিনি হৃদয় দিয়ে অনুসরণ করেছিলেন। তিনি বলেন, আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, তবে আমার বাবা আমার জীবন প্রশিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন।
চণ্ডীগড়ের বাসিন্দা পি খুরানা। জ্যোতিষ শাস্ত্রে তার জ্ঞান বরাবরই সমাদৃত হয়েছে। এ বিষয়ে একাধিক বইও লিখেছেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করেছিলেন পি খুরানা। কিন্তু আদালত তাকে টানেনি। জ্যোতিষচর্চাই ছিল তার একমাত্র ধ্যানজ্ঞান। গান-বাজনা, অভিনয়ের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন তিনি। তার কথাতেই নিজের নামের বানানে বদল আনেন আয়ুষ্মান। তার নামে ইংরেজি এন ও আর আদ্যক্ষরটি দুইবার থাকার কারণও বাবা।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মানের সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্দিল্য পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। এতে আরও অভিনয় করছেন আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া, অভিষেক ব্যানার্জি প্রমুখ। আগামী ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।