কাঁচা কাঁঠালের ৪ পদ

এঁচড় দিয়ে কয়েক পদ রেঁধে রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা

এঁচড় চিংড়ি

উপকরণ : সিদ্ধ এঁচড় (কাঁচা কাঁঠাল) ৩ কাপ, ভাজা চিংড়ি আধা কাপ, পোলাওর চাল সিকি কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চামচ, দারুচিনি ৩ টুকরো, তেজপাতা ৪টি, শুকনো মরিচ ৩টি, আস্ত জিরা আধা চা চামচ, গরম মসলা ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         পোলাওর চাল সিদ্ধ করে নিন।

২.         ফ্রাইপ্যানে তেল গরমের মধ্যে তেজপাতা, শুকনা মরিচ ও আস্ত জিরা ফোঁড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা  হালকা করে ভেজে কাঁচা মরিচ ফালি বাদে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে নিন।

৩.         এবার সিদ্ধ এঁচড় দিয়ে নেড়ে দশ মিনিট ঢেকে রাখুন। এরপর সিদ্ধ পোলাওর চাল ও পানি দিয়ে রান্না করুন।

৪.         নামানোর আগে ভাজা চিংড়ি ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে দমে  রেখে নামিয়ে পরিবেশন করুন।

শামি কাবাব

উপকরণ : সিদ্ধ কাঁচা কাঁঠাল ২ কাপ, সিদ্ধ ছোলার ডাল পৌনে ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুড়া ১টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, কাবাব মসলা দেড় চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ। গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, ডিম ১টি, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         কাঁচা কাঁঠাল ও সিদ্ধ ছোলার ডাল পাটায় মিহি করে বাটুন।

২.         ফ্রাইপ্যানে তেল গরম করে মধ্যে এলাচ, দারুচিনি দিয়ে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে নিন।

৩.         বেটে রাখা কাঁঠাল ও ডাল দিয়ে ভালো করে নেড়ে পানি শুকিয়ে রাখুন।

৪.         ঠান্ডা হলে মিশ্রণের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা ১ চা চামচ লেবুর রস, ধনেপাতা কুচি, গোল মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও ডিম দিয়ে মেখে কাবাবের মতো বানিয়ে তেলে স্যালো ফ্রাই করে ভেজে পরিবেশন করুন।

বিরিয়ানি

উপকরণ : সিদ্ধ এঁচড় বা কাঁচা কাঁঠাল ৩ কাপ, বাসমতী চাল ৩ কাপ, ভাজা আলু ৫টি, লবণ ৬টি, দারুচিনি ৩ পিস, তেজপাতা ৪টি পেঁয়াজ বাটা সিকি কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, কেওড়া জল ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল পৌনে ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         বাসমতী চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পানিতে লবণ, দারুচিনি, এলাচ ও লবণ দিয়ে বলগ এলে চাল দশ মিনিট সিদ্ধ করুন।

২.         ফ্রাইপ্যানে তেল গরম করে এর মধ্যে তেজপাতা, শুকনা মরিচ ও আস্ত জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা হালকা ভেজে কাঁচা মরিচ ফালি ছাড়া বাকি সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে নিন।

৩.   সিদ্ধ এঁচড় দিয়ে নেড়ে দশ মিনিট ঢেকে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করুন।

৪.         চুলা থেকে নামানোর আগে কাঁচা মরিচ ফালি ও কেওড়া জল দিয়ে দমে রাখুন আরও ১০ মিনিট।

৫.         অন্য পাত্রে প্রথমে সিদ্ধি ভাত দিয়ে এর ওপর রান্না করা কাঁঠাল ও ভাজা আলু দিয়ে লেয়ার করে সাজিয়ে ওপরে বেরেস্তা ও ঘি দিয়ে আধা ঘণ্টা দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

ছোলার ডালে কাঁচা কাঁঠাল

উপকরণ : সিদ্ধ এঁচড় বা কাঁচা কাঁঠাল ৩ কাপ, সিদ্ধ ছোলার ডাল আধা কাপ, কিউব করে কাটা ভাজা আলু সিকি কাপ, লবঙ্গ ৬টি, দারুচিনি ৩ পিস, তেজপাতা ৪টি, শুকনা মরিচ ৩টি, পেঁয়াজ বাটা সিকি কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, ঘি ১ টেবিল চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         ফ্রাইপ্যানে তেল গরমের মধ্যে তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ দিন।  পেঁয়াজ বাটা হালকা ভেজে কাঁচা মরিচ ফালি বাদে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

২.         সিদ্ধ এঁচড় দিয়ে নেড়ে দশ মিনিট ঢেকে রাখুন। এরপর সিদ্ধ ছোলার ডাল ও ভাজা আলু দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন।

৩.         চুলা থেকে নামানোর আগে ঘি ও কাঁচা মরিচ ফালি দিয়ে আধা ঘণ্টা দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।