মোহামেডানের অঘটনের শিকার হয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায়। সেই ধাক্কা বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের ম্যাচেও সামলে উঠতে পারেনি বসুন্ধরা কিংস। টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর পুলিশ এফসির কাছে হারের তেতো স্বাদ পেতে হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিংসকে। অথচ সেই ম্যাচটা জিতলে কালই হয়তো চতুর্থ লিগ শিরোপার দেখা পেয়ে যেত অস্কার ব্রুজনের দল। সেটা না হলেও কিংস শিরোপা থেকে এখন আর মাত্র একটি জয়ে দূরে দাঁড়িয়ে। কাল এরেনায় স্বাগতিকরা ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। শেষ চার ম্যাচে জয় না আসুক তিনটা ম্যাচ ড্র করলেই সাড়া হয়ে যাবে শিরোপা ধরে রাখার আনুষ্ঠানিকতা। তবে রবসন রবিনহোর দল নিশ্চয় পরের ম্যাচে ২৬ মে ঘরের মাঠে শেখ রাসেলকে হারিয়েই চাইবে শিরোপা উৎসব করতে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী। একই মাঠে ফেডারেশন কাপের সেমিফাইনালে রাসেলকে আকাশিরা হারিয়েছিল ৩-০ ব্যবধানে। কাল লিগ ম্যাচে জয়ের ব্যবধানটা ৩-১ গোলের। যদিও কিংসের ১৪তম জয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নটা বলতে গেলে শেষ হয়ে গেছে আবাহনীর। ১৬ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে সাফল্যের দিকে ছুটছে কিংস। তাদের সঙ্গে আবাহনীর ব্যবধান ১০ পয়েন্টের। শেষ চার ম্যাচে আবাহনী জিতলেও লাভ হবে না যদি কিংস এক ম্যাচ জিতে যায়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন কোচ আলফাজ আহমেদের ছোঁয়ায় বদলে যাওয়া মোহামেডান।
কিংস এরেনায় প্রথমার্ধটা ছিল ঘটনাবহুল। এই ৪৫ মিনিটে গোল হয়েছে, হয়েছে কার্ডের ছড়াছড়ি। রেফারি সায়মুন হাসানের মাত্রাতিরিক্ত কার্ড দেখানোর প্রবণতার চড়া মাশুল দিতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আগের দুই ম্যাচে হারের একটা প্রভাব দেখা গেছে কিংসের খেলায়; বিশেষ করে রক্ষণভাগকে মনে হয়েছে বড্ড নড়বড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ১০ জনের চট্টগ্রাম আবাহনীও গোলের একাধিক সুযোগ গড়েছে কাউন্টার অ্যাটাক থেকে। তবে তার কোনোটাই সফল হয়নি। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় কিংস। প্রথমপর্বে ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারানো কিংসকে পেনাল্টি উপহার দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম। ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরার চিপ আয়ত্তে নিতে বক্সে ঢুকে পড়েছিলেন স্বদেশি ডরিয়েলটন গোমেজ। নাঈম বিপদমুক্ত করতে গিয়ে ডরিয়েলটনকে ফেলে দেন। রেফারি সায়মুনের পেনাল্টির বাঁশির প্রতিবাদ জানান চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। তাদের মধ্যে একটু বেশিই মেজাজ হারাতে দেখা গিয়েছিল ফরহাদ মনাকে। হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করেন রেফারি। মিগেল স্পটকিক জালে জড়ানোর পর কিংসের খেলোয়াড়রা যখন উদযাপনে ব্যস্ত, তখন ফের মেজাজ হারান মনা। রেফারি তাকে দেন মার্চিং অর্ডার। ১০ জনের দল হয়ে অবশ্য চট্টগ্রাম আবাহনী হাল ছাড়েনি। প্রথমার্ধেই বার তিনেক হামলে পড়েছে কিংসের নড়বড়ে রক্ষণে। ৩৮ মিনিটে মোস্তফার সহায়তায় সমতায় ফেরার সেরা সুযোগ নষ্ট করেন ডেভিড এফেগু। বিরতি থেকে ফিরেই অবশ্য ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় কিংস। ৫০ মিনিটে রবসন রবিনহোর কর্নারে রাকিব হোসেনের হেড দূরের পোস্টে চলে এলে আনমাকর্ড ডরিয়েলটন আলতো ছোঁয়ায় জালে জড়ান। লিগের সেরা গোলদাতার তালিকায় নিজেকে আরও এগিয়ে নিলেন ডরিয়েলটন। এটি লিগে তার ১৪তম গোল। দুই ব্রাজিলিয়ান সতীর্থের সঙ্গে স্কোরশিটে নাম তুলতে পারতেন রবিনহোও। তবে তাকে গোল বঞ্চিত করেন চট্টগ্রাম আবাহনী কিপার নাঈম। ৬০ মিনিটে বক্সের ভেতরে রবিনহোকে ফেলে দিয়েছিলেন ডিফেন্ডার দুখু মিয়া। তবে এই ব্রাজিলিয়ানের পেনাল্টি রুখে দেন নাঈম।
গতকাল কুমিল্লায় কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসের লক্ষ্যভেদের পর নাইজেরিয়ান এমেকা ওগবাহর জোড়া গোলে শেখ রাসেলকে চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হারিয়েছে আবাহনী লিমিটেড। শেষ দিকে বিশাল রায়ের গোলটি কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে রাসেলের। এই হারে তৃতীয় স্থানটা হারাতে হয়েছে রাসেলকে। গোপালগঞ্জে শেখ জামাল ধানম-ি ক্লাবকে সাজ্জাদ হোসেনের একমাত্র গোলে হারিয়ে শেখ রাসেলকে পয়েন্ট তালিকার পেছনে ফেলেছে মোহামেডান। দুই দলের সংগ্রহই সমান ২২। তবে গোল গড়ে এগিয়ে সাদা-কালোরা। আর ২১ পয়েন্ট পাওয়া মারুফুল হকের শেখ জামালকে নেমে যেতে হয়েছে পাঁচে।