ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপায় এক পা দিয়েই রেখেছে ম্যানচেস্টার সিটি। আজ পেপ গার্দিওলার দল এবং সমর্থকদের নজর থাকবে আর্সেনালের ম্যাচে। গানার্সরা নটিংহামের মাঠে হেরে গেলে তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হবে ম্যানসিটি।
লিগে ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্টে শীর্ষে ম্যানসিটি। আজ আর্সেনাল হেরে গেলে তাদের বাকি থাকবে আর মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচ থেকে সর্বোচ্চ তিন পয়েন্ট পেতে পারে মিকেল আর্তেতার দল। সিটি এরই মধ্যে এগিয়ে চার পয়েন্টে।
তাই আজ আর্সেনাল হারলেই চ্যাম্পিয়ন হবে ম্যানসিটি। যদি এমনটি না হয়, অর্থাৎ ম্যাচ জেতে আর্সেনাল, তাতেও চিন্তা নেই সিটিজেনদের। রবিবার ঘরের মাঠে চেলসিকে হারালেই দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতবে গার্দিওলার দল।
আর্সেনাল লিগে সবশেষ ম্যাচে হেরেছে ব্রাইটনের কাছে। অবশ্য এবার লিগে প্রথম দেখায় ঘরের মাঠে আর্সেনাল ৫-০তে হারিয়েছিল নটিংহামকে। সিটি চ্যাম্পিয়ন হিসেবেই ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে কি না, সেটি নির্ভর করছে আর্সেনালের ম্যাচের ওপর।