৪০ এর পর সুস্থ থাকতে মেনে চলবেন যে নিয়ম

বয়স চল্লিশের কোঠা পেরোলেই বাড়তি সতর্কতা নিতে বলেন চিকিৎসকেরা। কারণ তখন থেকেই শরীরের হাল খারাপ হতে শুরু করে। ছোটখাটো নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে।

একটু কিছু খেলেই বদহজম, গ্যাস, কোমরে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয়। তাই ৪০-এ পা দেওয়ার পর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা আসল কথা। না হলে সুস্থ থাকা দায় হয়ে উঠবে।

১) বয়স ৪০ পেরোতেই নিয়মিত হাঁটাচলা করা প্রয়োজন। তা না হলে শরীরে বাসা বাঁধবে নানা রোগ। সুস্থ থাকতে প্রতি দিন অন্তত ৪৫ মিনিট হাঁটুন। এতে হজমক্ষমতা বাড়বে। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার আশঙ্কাও থাকবে না।

২) বংশগত অসুস্থতার ইতিহাস সম্পর্কে জেনে নিন। কারণ অনেক সময় প্রজন্মগত কারণে রোগ বাসা বাঁধে শরীরে। এই বিষয়টি জেনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তা হলে অন্তত চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস বা হার্টের অসুখের মতো বংশগত রোগ সম্পর্কে আগাম ব্যবস্থা নিতে পারবেন।

৩) চল্লিশের পর নিয়মিত শারীরিক পরীক্ষা করানো জরুরি। পরীক্ষায় যদি কোনও সমস্যার কথা উঠে আসে, তা হলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শে নিজের জীবনশৈলীও বদলে ফেলতে পারেন। এতে বড়সড় অসুখের ঝুঁকি এড়াতে পারবেন।

৪) বয়স ৪০-এর কোঠা পেরোলে ডায়েটে পরিবর্তন আনা খুবই জরুরি। এ সময় প্রতি দিনের ডায়েটে রাখুন পালং শাক, ব্রকোলি, ফুলকপি, টমেটো, অঙ্কুরিত ছোলার মতো ফাইবারযুক্ত খাবার। এতে কোলেস্টরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।

৫) সময় মতো খাওয়াটাও কিন্তু জরুরি। দিনের যে কোনও সময়ে খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী হজমের গোলমালও কিন্তু হতে পারে এর ফলে। তাই প্রতিবেলার খাবার সময়মত খাওয়ার চেষ্টা করুন।

৬) খাবারে অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করে দিন। লবণ এমনিতে শরীরের জন্য ভাল নয়। বয়স একটু বাড়লে লবণ এড়িয়ে চলাই ভাল। বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ হানা দিতে পারে।