১৪ পয়েন্টে কি শিকে ছিঁড়বে

সমীকরণ বড়ই অদ্ভুত জিনিস! কখনো খুব সরল, আবার কখনো খুবই জটিল। আইপিএলের লিগ পর্বের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের দিকে তাকালে তো সমীকরণকে মনে হবে ‘অসম্ভব জটিল’।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসের যেমন প্লে-অফ এখনও নিশ্চিত নয়। আবার ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা রাজস্থান রয়্যালসের প্লে-অফ স্বপ্ন বেঁচে আছে সমীকরণেরই মারপ্যাঁচে।

আসলে ১৪ পয়েন্ট নিয়ে এবার কোনো দলের সত্যিই কি আইপিএলের প্লে-অফের শিকে ছিঁড়বে? রাজস্থান যে এখানে একা নয়।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সবশেষ প্লে-অফ খেলেছিল দুই বছর আগে। আট দলের আসরে ১৪ পয়েন্ট নিয়েও ছাড়পত্র পেয়েছিল তারা নেট রান রেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পেছনে ফেলে।

দশ দলের গত আসরে অবশ্য সর্বনিম্ন ১৬ পয়েন্ট লেগেছিল চতুর্থ দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফ উঠতে। এবার সেখানে ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে রাজস্থান রয়্যালস অপেক্ষা করছে প্লে-অফের সুযোগ পাওয়া যায় কিনা সেটার।

এদিকে ১৪ পয়েন্ট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। যদি তারা আজ রাতে লাখনৌ সুপার জায়ান্টকে হারাতে পারে। আর একটি করে ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট হয়ে আছে বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের।

রবিবার মুম্বাই খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। নিজেদের ম্যাচ জিতলে বেঙ্গালুরু-মুম্বাইয়ের পয়েন্ট হয়ে যাবে ১৬ করে। সে ক্ষেত্রে ১৪ পয়েন্ট আর কোনো দলের জন্যই যথেষ্ট হবে না।

তবে বেঙ্গালুরু ও মুম্বাই হেরে গেলে এবং কলকাতা জিতলে চার দলের পয়েন্ট হবে ১৪ করে। সে ক্ষেত্রে এই চার দলের একটি দল প্লে-অফের ছাড়পত্র পাবে।

১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে লখনৌয়ের বিপক্ষে বড় রানের ব্যবধানে জিততে হবে কলকাতাকে। এরপর তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। বিশেষ করে বেঙ্গালুরু বা মুম্বাই নিজেদের ম্যাচে জিতলে এবারের মতো আইপিএল শেষ হয়ে যাবে নীতিশ রানাদের।

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ও বেঙ্গালুরু যদি হেরে যায়, আর কলকাতা যদি বড় ব্যবধানে জিততে না পারে, তবে ১৪ পয়েন্ট নিয়েই প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস। তবে রাজস্থানের চেয়ে বেঙ্গালুরুর নেট রান রেট ভালো। অর্থাৎ বেঙ্গালুরু কেমন ব্যবধানে হারে সেটাও হবে দেখার।

এখন পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের প্লে-অফ নিশ্চিত হয়েছে। ১৩ খেলায় তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১৫ পয়েন্ট করে নিয়ে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্ট আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। নিজেদের বাকি থাকা ম্যাচে জিতলে তাদের প্লে-অফ খেলবে কোনো বাঁধাই থাকবে না।