কীর্তনখোলায় ভেসে গেল সাথী

বরিশাল নৌবন্দরের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ হওয়া কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ মে) সকালে বরিশাল নদী বন্দরের অভ্যন্তরীণ রুটের লঞ্চ টার্মিনালের পন্টুনসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরী ভোলা সদরের গুচ্ছগ্রাম এলাকার বশিরের মিয়ার মেয়ে সাথী আক্তার।

বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন বলেন, 'গত বৃহষ্পতিবার (১৮ মে) বিকেল সোয়া ৫টার দিকে সাথী ও আরও একটি পথশিশু (ছেলে) নদীতে গোসল করার সময় তীব্র স্রোতের মুখে পড়ে। পরে বিষয়টি আমরা জানতে পেরে ৬টার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করি। তবে নাঈম নামের অপর শিশুটি নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু সাথী নিখোঁজ হয়।'

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, সাথীর মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘাটের পথশিশুদের ভাষ্যমতে, সাথী ঢাকায় থাকত, সেখান থেকে বরিশাল নদীবন্দর এলাকায় ভাসমান মানুষদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ছিল।