কলকারখানার বিষাক্ত বর্জ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে ফুলজোড় নদীর পানি। এতে মাছসহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী মরে ভেসে উঠছে।
স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুর উপজেলায় দুটি শিল্পকারখানার বর্জ্য ফুলজোড় নদীর পানিতে ফেলা হয়। এ কারণে নদীর পানি দূষিত হয়ে পানির রং বদলে গেছে। নদীর বিভিন্ন প্রজাতির মাছ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী মরে ভেসে উঠতে শুরু করেছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, বগুড়া জেলার আওতাধীন হওয়ায় আমরা কারখানাগুলোর বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিতে পারছি না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
মাছ ধরতে আসা সোহেল রানা বলেন, বাজারে যাওয়ার সময় দেখি অনেকেই নদীতে ভেসে ওঠা মাছ ধরছে। তাই আমিও মাছ ধরতে নেমে পড়েছি।
স্কুল শিক্ষক রাকিবুল হাসান বলেন, নদীর পানি ভালোই ছিল। এই নদীতে অনেকেই গোসল করতো। কিন্তু দুই দিন ধরে দেখছি পানির রং এমন ভাবে বদলে গেছে যে এ পানিতে গোসল করতে ভয় লাগে। এখন দেখছি সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। এভাবে নদীর মাছ ও জলজ প্রাণী ধ্বংস করার নজির আর কোথাও আছে বলে মনে হয় না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার কর জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিকারের অনুরোধ জানিয়ে নদী দূষণ, জলজ জীববৈচিত্র ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উজানের দু‘টি শিল্পকারখানার বর্জ্যে এ নদীর মাছসহ জলজ প্রাণী মরে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।