‘স্বচ্ছতা ও জবাবদিহি ইউআইইউর অনন্য বৈশিষ্ট্য’

ইউআইইউর প্রতিটি কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও সততা বজায় রাখা এই বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য। ছাত্রছাত্রী ভর্তি, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি, শিক্ষা কার্যক্রম ও মূল্যায়ন, আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সামগ্রিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্ব রক্ষা করা এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান। ইউআইইউর দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সন্তুষ্ট করার জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। ইউআইইউ শুরু থেকে সরকারের সব নিয়ম-কানুন মেনে চলে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হয়।

চাকরির বর্তমান চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরিতেও ইউআইইউ বদ্ধপরিকর। এ জন্য শিক্ষার্থীদের কর্মজীবন শুরুর জন্য বিভিন্ন করপোরেট বা ইন্ডাস্ট্রি এক্সপার্টকে দিয়ে বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ এবং সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিভি রাইটিং, মক ইন্টারভিউ, কেস স্টাডি এবং সফট স্কিলস যেমন কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল এবং প্রোবলেম সলভিং স্কিলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বছরে একাধিক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে, যার ফলে শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের যোগসূত্র তৈরির সুযোগ পায়। ইউআইইউ গ্র্যাজুয়েটদের কর্মজীবন শুরুর সব ধরনের সহযোগিতা করে থাকে। যার ফলে গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানে কর্মরত রয়েছে। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসহ বিদেশে শিক্ষকতা এবং বড় করপোরেট হাউজে আমাদের গ্র্যাজুয়েটরা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। যেমন ঐঝইঈ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, নেসলে, জিপি, রবি, বাংলালিঙ্ক, বিকাশসহ দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট সেক্টর এবং আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন। আমেরিকা, কানাডা, ইতালিসহ ইউরোপের শীর্ষ করপোরেটের বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন, যেমন আমাজন, গুগল, মাইক্রোসফট, ভিসা ইত্যাদি।

শিক্ষাজীবন শেষে ছাত্রছাত্রীরা যাতে একজন সফল উদ্যোক্তা হতে পারেন, এ বিষয়েও কাজ করে ইউআইইউ। উদ্ভাবনী শক্তির উদ্দীপনা নিয়ে গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইউআইইউতে ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিলাইজেশন (আইরিক) নামে একটি ইনস্টিটিউট আছে। এটি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এখানে 4IR প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে গবেষণা, উদ্ভাবন, ইনকিউবেশন এবং বাণিজ্যিকীকরণ সংস্কৃতি পরিচালনা করা হয়।

লেখক : উপাচার্য (ভারপ্রাপ্ত)

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি