জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স দ্রুত নবায়ন করাসহ চার দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে পাঁচটি জেলার চালক ও শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ সংশোধন, নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা করা, নন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আগের জমাকৃত টাকা কার্যকর করা, ড্রাইভিং লাইসেন্স নথিভুক্ত ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর করা।
মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার ভুক্তভোগী চালক-শ্রমিকরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন তার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণে আগের লাইসেন্সের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরও বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।