বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৫ জন।
বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলামসহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে, ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
তার আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২২১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ৬১ হাজার ১১১ হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে বিমানের মোট ফ্লাইট ১৬২টি।