নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে কুপিয়ে হত্যা মামলায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত আলীসহ ৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নির্দেশ দেন।
আসামিরা হলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাসমত আলী ও তার সহযোগী আল আমিন, অনিক, হান্নান, নুরা, ডলি আক্তার এবং শান্ত।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মাহবুব আলম হত্যা মামলায় প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
উল্লেখ্য,৪ এপ্রিল মাহবুব সকাল ৯টার দিকে কালীবাড়ি বাজারে বাজার করতে গেলে সেখানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাসমত আলীর নেতৃত্বে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়ির গেইট লাগিয়ে হাসমতের সাথে থাকা সন্ত্রাসীর ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মাহবুবকে হত্যা করেন।
পরদিন মাহাবুবের বড় ভাই মহিবুর রহমান বাদী হয়ে হাসমতকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।