১৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ না করে দুবাই পালিয়ে যাওয়ার দায়ে ইমাম গ্রুপের এমডি ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান। আজ রোববার (২১ মে) তিনি এ আদেশ দেন।
দুবাই থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত ব্যবসায়ী হলেন চট্টগ্রামের ইমাম গ্রুপের এমডি মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, ২০১২ সালে আদালতে অর্থঋণ মামলা করে সোনালী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা। মামলায় ২০২২ সালের ২০ এপ্রিল ৮০ কোটি ৯৮ লাখ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের আদেশ জারি করেন আদালত। নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ না করায় তা সুদে আসলে হয়ে যায় ১৮৪ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ২০২২ সালের ২ নভেম্বর অর্থঋণ জারি মামলা করে একই ব্যাংক। মামলা দায়েরের পর ঋণ খেলাপিরা ১১ বছরে ব্যাংকের কোনো পাওনা পরিশোধ করেননি।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ঋণ খেলাপি মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা আক্তার সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। দেশ থেকে অর্থপাচার করে দুবাইয়ে নানা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেছেন।