১ হাজার ৬০৮ ক্রীড়াসেবী পাচ্ছেন আর্থিক অনুদান

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে চলতি অর্থ বছরে ১ হাজার ৬০৮ জন ক্রীড়াসেবীকে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল এম.পি।

আজ রবিবার দুপুরে ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত ১৫তম বোর্ড সভায় তিনি এই কথা জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত একটি প্রতিষ্ঠান। মৃত্যুর মাত্র ৯ দিন পূর্বে অসহায়-দুস্থ-অস্বচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারি দিক নির্দেশনা ও উদার সহায়তায় ফাউন্ডেশনের গতিশীলতা বহুগুন বৃদ্ধি পেয়েছে।

প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী গত চার বছরে ৫০ কোটি টাকা সীডমানি প্রদান করেছেন। যার মুনাফা এবং প্রতিবছর সরকারের রাজস্ব বাজেট হতে প্রাপ্ত অর্থ দ্বারা অধিক সংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান ও এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি অর্থ বছরে ১৬০৮ জন ক্রীড়াসেবীর মধ্যে প্রত্যেককে মাসিক ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হবে।

সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা ও একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা করে প্রদান করা হবে। এ বছর ৫০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বেগম মাহাবুব আরা গিনি, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।