অসুস্থ মাকে নির্জন বিলে ফেলে গেল ছেলে!

প্রতিদিনের মতো গত শনিবার দুপুরেও হাঁসের পাল নিয়ে বিলের মাঝখানে যান ফারুক মিয়া (১৮)। বিলের মধ্যে হঠাৎ দেখতে পান একটি উঁচু মাটির টিলায় ঝোপের আড়ালে পড়ে রয়েছেন ৯০ বছরের এক বৃদ্ধা। মশা-মাছি ও কীটপতঙ্গ তাকে ঘিরে ধরেছে। কাছে গিয়ে অস্পষ্ট গোঙানির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে থানা-পুলিশ এসে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর মুশুলী গ্রামের ভাররা বিলে।

স্থানীয় সূত্র জানায়, ওই বিলে লোকজন কম যায়। তার ওপর গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজনের বিলে যাওয়া-আসা অনেক কমে গেছে। এ অবস্থায় গত তিন দিন ধরে ওই নারী বিলে পড়ে ছিল। তার শরীর কঙ্কালসার, ডান চোখের ওপরে মাথার একাংশসহ বড় টিউমার। লালচে হয়ে মাংসপি-ের মতো ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর শক্তিটুকু নেই। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই বৃদ্ধাকে তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানান, তার ছেলে তাকে তিন দিন আগে চোখ-মুখ ঢেকে এখানে ফেলে রেখে যায়। আসবে বলে পরে আর আসেনি।

নান্দাইল উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুল আলম বলেন, ‘বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে ওই নারী এমনিতেই গুরুতর অসুস্থ। এর মধ্যে খাওয়া-দাওয়া না করায় প্রেশার কমে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে।’

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ‘সিআইডির সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বৃদ্ধার পরিচয় শনাক্ত করা গেছে। সে জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার বাসিন্দা। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে বৃদ্ধার কথা অনুযায়ী ধারণা করা হচ্ছে, তার ছেলেই তাকে ফেলে রেখে গেছে। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেলে সঠিক কারণ জানা যাবে।’