প্রধানমন্ত্রীকে হুমকি

চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২২ মে) সকালে বিষয়টি বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকার্ট বেঞ্চে নজরে আনার পর রাষ্ট্রপক্ষ রাজশাহী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য আদালতকে জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমরান আহমেদ ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, সকালে বিষয়টি আমি আদালতের নজরে আনলে। আদালত এবিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছেন। তখন আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করি। পরে তারা জানায়, এ ব্যাপারে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। তখন আমি আবার আদালতকে বিষয়টি অবহিত করি।

উল্লেখ্য, গত ১৯ মে ‘সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে’ রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন।

২২ সেকেন্ডের সেই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।