জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিমান্ডে 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ নভেম্বর) কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ান আহম্মেদকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মন্জুর করেন। রিমান্ড আবেদনে আসামি রেজওয়ানকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত পৌনে ৮ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে। সেখানে উত্তেজিত জনতা রেজওয়ানকে প্রচুর মারধর করায় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি  করে।

উল্লেখ্য যে ৯ নভেম্বর সারা দেশে ৩৩ জায়গা ককটেল বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত