গ্রিসের নির্বাচনে জিতলো ক্ষমতাসীন দল

গ্রিসের জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দ্য নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি) বেশ বড় ব্যবধানে জয় পেয়েছে। বেশিরভাগ ভোট গণনার পর ৪১ শতাংশ সমর্থন নিশ্চিত করেছে কিরিয়াকোসের নেতৃত্বাধীন রক্ষণশীল এ দলটি।

সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা দল পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ ভোট। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই জয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ অভিহিত করেছেন।

গতকাল রোববার দেশটির জাতীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ৩০০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসনে জয়।

তবে এগিয়ে থাকলেও ১৫১ থেকে ছয় আসন দূরে রয়েছে ক্ষমতাসীন দল। এ অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনডিপ্রধানকে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে অথবা নতুন নির্বাচন চাইতে হবে। তবে কিরিয়াকোস স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অন্য দলগুলোর অংশগ্রহণ ছাড়াই শাসন করতে চান।

এরই মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে নতুন ভোটাভুটিরই ইঙ্গিত দিয়েছে রক্ষণশীলরা। প্রধানমন্ত্রীর ভাষ্য, শক্তিশালী সরকার গঠনের জন্য নতুন নির্বাচনের দরকার হতে পারে। ফলে দ্বিতীয় দফা ভোট আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে।

গ্রিসের নির্বাচনী আইন অনুযায়ী, প্রথম দফায় এগিয়ে থাকা দল দ্বিতীয় দফার নির্বাচনে অতিরিক্ত আসন (বোনাস সিট) পাবে।

নির্বাচনে জয় পাওয়ায় কিরিয়াকোস মিতসো-তাকিসকে অভিনন্দন জানিয়েছেন অ্যালেক্সিস সিপরাসে।