ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে এই ভূমিধস বিজয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, লন্ডনে প্রায় দুই দশকের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন তারেক রহমান। 'নির্বাসন থেকে ক্ষমতায়' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া-র মতো তিনিও দেশের নেতৃত্বে আসতে যাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এবারের নির্বাচনে ৬০ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে। অনানুষ্ঠানিক ফলাফলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শক্ত অবস্থানে এগিয়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির পর প্রাথমিক গণনায় বিএনপি এগিয়ে আছে।
বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন এটি। ভোটাররা নতুন সরকার নির্বাচনের পাশাপাশি সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোটেও অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর টানা ১৫ বছরের শাসনের অবসানের পর প্রথমবারের মতো নতুন সরকার নির্বাচনে লাখো মানুষ ভোট দিয়েছেন।
অন্যদিকে, এসোসিয়েটেড প্রেস (এপি) বলেছে, ২০২৪ সালে গণবিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক একজন প্রধানমন্ত্রীর ছেলের নেতৃত্বে বিএনপি পরবর্তী সরকার গঠন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
