গায়ানার স্কুলের ছাত্রবাসে ভয়াবহ আগুন, নিহত ২০ শিশু

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার এক স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ শিশু নিহত এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গায়ানার মধ্যাঞ্চলের খনির শহর মাহদিয়ার সেকেন্ডারি স্কুলের ওই ছাত্রাবাসে সোমবার মধ্যরাতে আগুন লাগে। এতে অনেক শিক্ষার্থী ছাত্রাবাসের ভেতরে আটকা পড়ে। এ সময় আরও অসংখ্য মানুষ আহতও হয় ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনেককে রাজধানী জর্জটাউনের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর এক বিবৃতিতে সরকার জানিয়েছে, জরুরি সেবা সংস্থাগুলো আগুন নেভানো এবং জীবিতদের উদ্ধারে রীতিমতো লড়াই করছে। কিন্তু অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে এ তৎপরতা ব্যহত হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’বলে উল্লেখ করেছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি প্রেসিডেন্ট আলীকে উদৃত করে জানিয়েছে, এ দুর্ঘটনার পর বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের কয়েকটি দলকে জরুরি সেবার জন্য নিয়োজিত করা হয়েছে।

সেই সঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে জর্জটাউনের দুটি প্রধান হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। যাতে প্রতিটি শিশু প্রয়োজনীয় সেবা ও যত্ন পায়।

তবে ছাত্রাবাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে , তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।