কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নওগাঁয় ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালককে হত্যা করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে এক নারীকে খুন করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবর :
কিশোরগঞ্জ : করিমগঞ্জে শরীফ মিয়া (২৪) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলীর সংযোগ বানিয়াজাল সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফ করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দিউরাইল গ্রামের মতিউর রহমানের ছেলে।
গুণধর ইউনিয়ন চেয়ারম্যান আবু সায়েম রাসেল জানান, শরীফ রবিবার সকালে একটি নতুন অটোরিকশা কিনে সন্ধ্যায় উপজেলার খয়রত মোড় থেকে ভাড়া নিয়ে রওনা হয়। এরপর রাতে তার আর খোঁজ মেলেনি। পরদিন গতকাল সকালে সেতুর নিচে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, নিহতের মাথা থেঁতলানো ছিল। যাত্রীবেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
নওগাঁ : ধানখেত থেকে অতুল চন্দ্র সরকার (৩৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নওগাঁ পৌরসভার নলগড়া এলাকার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অতুল চন্দ্র সরকারকে হত্যা করা হয়েছে।
নিহত অতুল চন্দ্র সরকার নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠেরঘাট এলাকার অভয় চন্দ্র সরকারের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, স্থানীয়দের সংবাদে লাশটি উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যা হয়ে থাকতে পারে।
গোপালগঞ্জ : মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে খুন করে লাশ বাদামখেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি বাছাড় ওই গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।
গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন ও স্থানীয়দের ভাষ্যমতে, বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে প্রতিপক্ষ এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে। আগের ঘটনায় মামলা চলমান।