আইপিএলের মতো এলপিএলেও অকশন

লংকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

এতো দিন অন্য অনেক লিগের মতো ড্রাফটে ক্রিকেটার নিতো লংকা প্রিমিয়ার লিগ। এবার নিরামের মাধ্যমে সারা বিশ্ব থেকে ক্রিকেটার দলভুক্ত করবে, যা ভারতীয় ক্রিকেট লিগের পর প্রথম। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ক্রিকেট শ্রীলঙ্কা।

তবে দুজন করে দেশি ও বিদেশী ক্রিকেটারকে সরাসরি দলভুক্ত করার সুযোগ দিয়েছে আয়োজকরা। বিদেশীদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। সাকিব গতবার ড্রাফটে থাকলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে এলপিএল খেলতে পারেননি। আফিফ হোসেন জাফনা কিংসের হয়ে ৪টি ম্যাচ খেলেছিলেন। কিংস এবার থিসারা পেরেরার সাথে ডেভিড মিলারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

স্থানীয়দের মধ্যে শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক দাসুন শানাকাকেও নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। বাবর আজম ও মহেশ পাথিরানাকে নিয়েছে কলম্বো স্টার্স। দাম্বুলা অরা কুশল মেন্ডিসের সাথে সরাসরি চুক্তিতে খেলাবে ম্যাথু ওয়েডকে। গতবারের চ্যাম্পিয়ন ক্যান্ডি ফ্যালকন্স ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে বিদেশী নিয়েছে তাবরেজ শামসিকে।


১১ জুন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০ লাখ মার্কিন ডলার নিয়ে অকশনে নামবে। চতুর্থ এলপিএল শুরু হবে ৩০ জুলাই।