ঢাকা প্রিমিয়ার লিগ ছেলেদের ক্রিকেটের প্রাণ। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা সারা বছর মুখিয়ে থাকেন এই টুর্নামেন্টের জন্য। দল পেতে একেকজন আপ্রাণ চেষ্টা করেন। তবে নারী ক্রিকেটাররা থাকেন অনিশ্চয়তায়। হবে কি হবে না, এ নিয়ে থাকে দুশ্চিন্তা। অবশেষে নিগার সুলতানাদের সব চিন্তা দূর করেছে বিসিবি। আগামী ২৫ মে থেকে মাঠে গড়াচ্ছে নারী ডিপিএল।
আজ মঙ্গলবার নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহিস্পতিবার থেকে ৯ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের এবারের আসর। ১০৩ নারী ক্রিকেটার অংশ নিচ্ছেন এবারের আসরে।
প্রথম পর্যায়ের খেলা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তিনটা ভেন্যুতে হবে ম্যাচগুলো। ভেন্যুগুলো হল বিকেএসপির ১ ও ৩ নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়াম। আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও কলাবাগান ক্রীড়া চক্র। দিনের বাকি দুটো ম্যাচে লড়বে যথাক্রমে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-গুলশান ইয়ুথ ক্লাব ও বিকেএসপি-সিটি ক্লাব।
নারী ডিপিএলের ৯ দল হলো : মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, বিকেএসপি, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, গুলশান ইয়ুথ ক্লাব, সিটি ক্লাব, কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি ও কলাবাগান ক্রীড়া চক্র।